Memocariate
ভারতের ত্রিপুরায় একটি বৃত্তান্ত (২০০৫)

ভারতের ত্রিপুরায় একটি বৃত্তান্ত (২০০৫)

ভারতের ত্রিপুরায় একটি বৃত্তান্ত (২০০৫)

জিপ–ভীতি কি পূর্বস্মৃতি, জল্পনা ‘জাতিস্মর’ শিশুকে নিয়ে

 

প্রভাত ঘোষ • আগরতলা

 

১৮ জুন ২০০৫: এ শিশু মুকুল নয়, কোনও সোনার কেল্লার কথাও বলে না যে কোনও দুষ্টু ভবানন্দ তার পিছু নেবে। এমনকী তার কোনও সুখস্মৃতিও নেই, শুধু আছে একটি বিশেষ ধরনের জিপের ভয়। বাবাকেও সে উঠতে দেয় না জিপে, বলে ‘বাসে করে যাব বা অন্য গাড়িতে। ওতে অ্যাক্সিডেন্ট কম হয়।’ দক্ষিণ ত্রিপুরা জেলার সদর শহর উদয়পুরের একটু দূরে শান্তিরবাজার এলাকায় বছর চারেকের শিশু অরিন্দম বণিক ওরফে লখাইকে নিয়ে এখন এক ‘জাতিস্মর জল্পনা’ তৈরি হয়েছে।

 

এই ঘটনাই ফের জাতিস্মরের সত্যতা নিয়ে সেই প্রশ্নটিকেই সামনে নিয়ে এসেছে। বহু সাধারণ মানুষের বিশ্বাসের সঙ্গে কিন্তু আদপেই একমত নন মনোবিজ্ঞানীরা। মনোরোগ চিকিৎসক ধীরেন্দ্রনাথ নন্দী বলেন, “এমন অনেক ঘটনা আমি বা আমার সতীর্থেরা শুনেছি। কিন্তু তারপরে বিভিন্ন পরীক্ষা এমনকী হিপনোটিাইজ করেও দেখা গেছে, তার কোনও ভিত্তি নেই। অন্যের কাছ থেকে শুনে বা বানিয়ে তারা এ সব গল্প বলে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হল, এগুলো নিয়ে মাতামাতি হয় বলে ব্যাপারটা বেড়েই চলে। এ থেকে সংশ্লিষ্ট ছেলে বা মেয়েটির পরে মানসিক রোগী হয়ে পড়াও অস্বাভাবিক নয়।”

 

আগরতলার মনোরোগ চিকিৎসক এ কে নাথ বলেন, “জাতিস্মর বলে কিচ্ছু হয় না। অনেক সময় বাবা-মা কিংবা আশপাশের লোকজন এসব দুর্ঘটনার কথা বলে-টলে। সেটাই ছাপ পড়ে শিশুমনের উপরে। তারপরে তাকে নিয়ে অবতার-টবতার বানিয়ে পয়সা রোজগার করে লোকে।”

 

অরিন্দমের বাবা-মা, ঠাকুমার বক্তব্য, বাবার কোলে বসে বার বার সে কয়েক কিলোমিটার দূরের একটি গ্রামের বর্ণনা দেয়, কোথায় জিপগাড়িটি রাখত সে কথা বলে। আর তাইতেই তাঁদের ধারণা, এ সব অরিন্দমের পূর্ব জীবনের স্মৃতি।

 

বাবা সুশান্ত বণিকের কোলে অরিন্দম। — নিজস্ব চিত্র

 

অরিন্দমের বাবা, ধূপের ব্যবসায়ী সুশান্ত বণিক জানান, মাস দুয়েক আগে তিনি ছেলেকে নিয়ে সদরে যাচ্ছিলেন। ওখানে যাতায়াতের জন্য সহজতম বাহন জিপ। তাতে উঠতে গিয়ে বাধা দেয় ওই একরত্তি ছেলে, বলে জিপে সে কিছুতেই উঠবে না, ওটায় খুব দুর্ঘটনা হয়। বাবা বলেন, “ওইটুকু ছেলের মুখে ‘অ্যাক্সিডেন্ট’ শব্দটা শুনে আমি ভড়কে গিয়েছিলাম। রাতে বাড়ি ফিরে বার বার ছেলেকে জিজ্ঞাসা করতে সে বলে, ‘আমি জানি ওই জিপে অ্যাক্সিডেন্ট হয়। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল।’ তারপরে ও এক গ্রামের কথা শোনায়, যে গ্রামে নাকি ও থাকত। সেখানে মাঠে লাল রঙের গোরু চড়ত। মহাদেবের মন্দির ছিল।”

 

আগরতলার শান্তির বাজারে লখাইয়ের বাড়িতে ‘জাতিস্মর’কে দেখতে আসার ভিড় একেবারেই নেই। কপালে বড় কাজলের টিপ, চেককাটা জামা ও ধূসর হাফপ্যান্ট পরা রোগা শিশুটিকে কোলে নিয়ে তার বাবা জানালেন, ছেলে যে দুর্ঘটনার কথা বলছে, তা ঘটে আগরতলা-শান্তিরবাজারের মধ্যবর্তী স্থান পতিছড়িতে। আর তার কথায় ঘুরেফিরে আসা ওই ‘পূর্বজন্মে’র ব্যক্তি থাকতেন দেবদারু গ্রামে।

 

চার কিলোমিটার দূরে এমন একটি গ্রাম অবশ্য রয়েছে। সেখানকার বাসিন্দা কার্তিক সরকার জানালেন, তাঁর বাড়ির পিছনে জিপ রাখা হত। সেটি এখন নেই, কিন্তু সেটির কোনও দুর্ঘটনার কথা তিনি বলতে পারেননি। অন্য এক বাসিন্দা বৃদ্ধা হরমোহিনী ঘোষ অবশ্য বলেন, “৭-৮ বছর আগে একটা জিপ শান্তিরবাজার-আগরতলা রাস্তার পতিছড়ির কাছে দুর্ঘটনায় পড়ে। দু’জন ছিল। একজন মারা যায়, অন্যজন কোথায় চলে গিয়েছে জানি না।”

 

সেই দুর্ঘটনার পর থেকে জিপটিও উধাও। জিপের মালিকের নাম স্বপন দে, বাড়ি বিলোনিয়ায় বাংলাদেশ সীমান্তের ধার ঘেঁষা সারসিমা গ্রামে। তিনি গাড়ির বিষয়ে কোনও কথাই বলতে চাননি। কিন্তু তাঁর দিদি সুনীতি দে জানান, দুর্ঘটনা সত্যিই ঘটেছিল। গাড়ির চালক অরূপ চক্রবর্তী আহত হন। তিনি ক্ষতিপূরণ পেয়েছিলেন, তারপরে নাকি বাংলাদেশে চলে যান। সঙ্গী খালাসীর নাম কেউ জানে না। দু’জনের মধ্যে কেউ মারা গিয়েছিল কি না, সে কথা কেউ জানে না।

 

এত সব তথ্যে তেমন আগ্রহ নেই বণিক দম্পতির। ছেলেকে দেখিয়ে উপার্জন নয়, তাঁদের এখন চিন্তা বংশের একমাত্র উত্তরাধিকারীর যেন কোনও অনিষ্ট না হয়।

Δ আনন্দবাজার পত্রিকায় ১৯শে জুন ২০০৫ তারিখে প্রকাশিত

◊

Bengali Version Menu:

1. ভূমিকা   |  2.  প্রেক্ষাপট   |   3. জাতিস্মর   |   4. জাতিস্মরের প্রকারভেদ   |  5. আমার পরিভাষা  |  6. ভারতের ত্রিপুরায় একটি বৃত্তান্ত (২০০৫)  |  7. সমাধানকৃত ঘটনা বনাম অসমাধানকৃত ঘটনা  |   8. আমার সাক্ষাৎকার  |  9.  ভারতের পশ্চিমবঙ্গে স্টিভেনসনের কেস স্টাডির একটি সংক্ষিপ্ত ইতিহাস   |  10. ভারতের পশ্চিমবঙ্গে আমার কেস স্টাডির একটি গোপনীয় রূপরেখা   |  11. আপাত জাতিস্মর সম্পর্কে অভিভাবকদের দিকনির্দেশনা   |   12.  আমার প্রতীকচিহ্নসমূহ   |   13. গোপন অবচেতন চিকিৎসা

 

English Version Menu:
1. Home    |   2. Background    |   3. Memocariate    |  4. Types of Memocariate    |   5. My Terminology    |   6. Newspaper Report (2005)    |   7. Solved vs Unsolved cases    |   8. My Podcast    |   9. A Brief History of Stevenson’s CORTs in West Bengal India    |   10. A Private Outline of My CORTs in West Bengal India    |    11. Parental Guidance . . .  |   12. My Symbolism   |   13. PSH Therapy